সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে এনজিও কর্মীর টাকা ছিনতাই, অস্ত্রসহ যুবককে ধরে পুলিশে দিল জনতা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ জুন ২০২৬ | ৯:৩৭ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে অস্ত্রের মুখে এক এনজিও কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের পর পালানোর সময় এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের উত্তর গশ্চি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নিশান বড়ুয়া উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আঁধার মানিক এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী এনজিও কর্মী শাহিন আক্তার জানান, গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা টাকা নিয়ে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন। অটোরিকশার সামনের আসনে আগে থেকেই বসা ছিলেন নিশান বড়ুয়া।

তার ভাষ্য, কিছুদূর যাওয়ার পর নিশান পেছনের আসনে এসে অস্ত্র দেখিয়ে গাড়ি থামাতে বাধ্য করেন। পরে তার কাছ থেকে টাকা রাখা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার পর অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন।

শাহিন আক্তার বলেন, ঘটনার পর তিনি অন্য একটি অটোরিকশায় করে ছিনতাইকারীকে ধাওয়া করেন।

স্থানীয় বাসিন্দা ও বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্তকে ঘেরাও করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্তের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ৩ হাজার টাকা এবং একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

রাউজান থানার সেকেন্ড অফিসার বলেন, স্থানীয় জনতা অস্ত্র ও ছিনতাইকৃত টাকাসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”