সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ জুন ২০২৬ | ৩:০০ অপরাহ্ন


দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে দশটায় তিনি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম।

এ ছাড়া চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং, সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিন এবং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনসহ আরও অনেকে।

‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং’ তথা এই ওশান ডাটা সেন্টারটি সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা, মৎস্যসম্পদ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে পার্বত্য প্রতিমন্ত্রী জানান, যে উদ্দেশ্যে এই ডাটা সেন্টার স্থাপিত হয়েছে, তা সফল করা হবে। যেকোনো সীমাবদ্ধতাকে সমাধান করে তাকে সক্ষমতায় পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ডাটা সেন্টারের উপকারিতা সম্পর্কে তিনি বলেন, এই ডাটা সেন্টারের মাধ্যমে দেশ নতুন একটি প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহের দারুণ এক সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, জলে-স্থলে সব জায়গায় এটি কাজে লাগবে। বিশেষ করে যারা নাবিক, জেলে এবং শিপিং ও ফিশিংয়ের সঙ্গে জড়িত, তাদের জন্য এসব তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডাটা সেন্টারের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেটের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারটিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আমরা প্রযুক্তিগত উন্নয়নের দিকে আরও একধাপ এগিয়ে যাব।