সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিককে মারধর

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ জুন ২০২৬ | ৪:৩২ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় প্রেস ক্লাবে ঢুকে এক সাংবাদিককে টেনেহিঁচড়ে বের করে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

হামলায় আহত আবেদুজ্জামান আমিরী দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি। ঘটনার পর তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অন্য সাংবাদিকরা জানান, যুবদল নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দুপুরে প্রেস ক্লাবে ঢোকে। তারা সেখানে থাকা অন্যান্য সাংবাদিকদের জোর করে বের করে দেয়। এরপর আবেদুজ্জামান আমিরীকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে বেধড়ক মারধর করে।

আহত সাংবাদিক আবেদুজ্জামান আমিরী অভিযোগ করেন, “হঠাৎ এস এম রেজা রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রেস ক্লাবে প্রবেশ করে আমাকে হত্যার চেষ্টা চালায়। এ সময় পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমাসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।”

হামলার প্রেক্ষাপট সম্পর্কে আবেদুজ্জামান আমিরী বলেন, এস এম রেজা রিপনের নেতৃত্বে শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু তোলার কারণে সরকারের ১৩৩ কোটি টাকার বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। এ নিয়ে গত ৬ মার্চ দৈনিক যুগান্তরে ‘শ্রীমাই খালে যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। মূলত এরপর থেকেই এস এম রেজা রিপন ক্ষুব্ধ ছিলেন।

এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পটিয়া প্রেস ক্লাবের নেতারা। গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত উল্লেখ করে তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”