
কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মনজুর আলম ও মোজাম্মেল হক নামের দুই ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নবগঠিত মাতামুহুরী উপজেলার (চকরিয়া) ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছাপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে দুই বাড়ির আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়। দিনের বেলায় ঘটনাটি ঘটায় বাসিন্দারা দ্রুত নিরাপদে সরে যেতে পেরেছেন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলম জিকু জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাড়ি দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এই অগ্নিকাণ্ডে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের অফিসার সাইফুল ইসলাম জানান, কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা নিরূপণ করে উপজেলা প্রশাসনের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারকে জানানো হয়েছে। তার নির্দেশে মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করেছেন।
প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম আরও জানান, দুপুরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক কিছু সহায়তা দেওয়া হয়েছে।
বর্তমানে সবকিছু হারিয়ে মনজুর আলম ও মোজাম্মেল হকের পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহযোগিতা কামনা করেছেন।