সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে ট্রান্সফরমার চুরির সময় দুই যুবক আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ জুন ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আটককৃত দুই যুবক হলেন মেহেদী হাসান আকাশ ও মো. সায়েদ শেখ। মেহেদী হাসান আকাশ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের হাজ্বীশ্বরাই গ্রামের ইকবাল হোসেনের ছেলে। আর মো. সায়েদ শেখ পিরোজপুর জেলা সদরের কান্দাডুবি গ্রামের হাবিব শেখের ছেলে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে গোপীনাথপুর গ্রামে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার খুলছিলেন মেহেদী হাসান আকাশ ও মো. সায়েদ শেখ। এ সময় স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পল্লী বিদ্যুতের কর্মী বলে দাবি করেন।

তবে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের আটকে রেখে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের চোর বলে শনাক্ত করেন। এরপর উত্তেজিত জনতা তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক দুই যুবক মেহেদী হাসান আকাশ ও মো. সায়েদ শেখকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।