
চট্টগ্রামের পটিয়ায় সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিলক শীল নামের আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চক্রশালা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আবিদুল ইসলাম নামের এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
জানা যায়, মঙ্গলবার রাতে বোরকা পরা একজনসহ তিন ব্যক্তি রাস্তার পাশে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পঙ্কজ শীল ও তিলক শীল তাদের পরিচয় জানতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা পঙ্কজ শীল ও তিলক শীলকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে।
ছুরিকাঘাতে পঙ্কজ শীল ও তিলক শীল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে পঙ্কজ শীল মারা যান। আহত তিলক শীলের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস জানান, রাতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের পরিচয় জানতে চাওয়ার কারণেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হামলার পর তিনজনের মধ্যে দুজন পালিয়ে যায়। তবে বোরকা পরা আবিদুল ইসলামকে আটক করা সম্ভব হয়। পুলিশের ধারণা, তারা ছিনতাইকারী দলের সদস্য। আটক আবিদুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক আবিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।