
চট্টগ্রামের মিরসরাইয়ে আলাদা অভিযান চালিয়ে ১৯৬০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনই রোহিঙ্গা নাগরিক।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জোরারগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার এলাকায় ইলিয়াছ সওদাগরের দোকানের সামনে অভিযান চালিয়ে মুকেশ দাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২৬ বছর বয়সী মুকেশ দাস জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার তপন দাসের ছেলে।
পরে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরা বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১৫০০ পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার ও তার স্বামী মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ২০ বছর বয়সী ফাতেমা আক্তার এবং ২৪ বছর বয়সী মো. আব্দুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এছাড়া একই এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ৪৪৫ পিস ইয়াবাসহ আনোয়ারা বেগম ও আলিয়া বেগম নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। ৫০ বছর বয়সী আনোয়ারা বেগম এবং ৩৫ বছর বয়সী আলিয়া বেগম কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ক্যাম্পের বাসিন্দা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেপ্তার হওয়া এই পাঁচ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।