
সারা দেশের মতো চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান না থাকায় দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে।
ওয়ারিশান সনদ, জাতীয়তা সনদ গ্রহণ, উন্নয়ন কার্যক্রম এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভোগান্তির শিকার হন এই ইউনিয়নের সাধারণ বাসিন্দারা।
তবে ভাটিখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল তালেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার পর গত দুই মাসে সেবার মান ও গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপকৃত হচ্ছেন এবং থমকে থাকা উন্নয়ন কর্মকাণ্ডেও গতি এসেছে।
জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাটিখাইন ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় ছিল। প্রায় দুই বছর পর চলতি বছরের ২৫ মার্চ ইউপি সদস্য আবুল তালেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে সেবাগ্রহীতাদের মাঝে আবারও স্বস্তি ফিরে এসেছে।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা খোকন ভট্টাচার্য জানান, তিনি খুব অল্প সময়ের মধ্যেই তার কাঙ্ক্ষিত ওয়ারিশান সনদ হাতে পেয়েছেন, যা গত দুই বছরে পাওয়া কোনোভাবেই সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল তালেব জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়নের মানুষের সেবা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের পরামর্শে সব সময় সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের বিভিন্ন সমস্যার ধারাবাহিক সমাধানে তিনি কাজ করে যাচ্ছেন।
স্থানীয় বিএনপি নেতা নাজিম উদ্দীন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর থেকে ভাটিখাইন ইউনিয়ন পরিষদের সার্বিক চিত্র পাল্টে গেছে এবং সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।
যেসব ইউনিয়ন পরিষদে বর্তমানে চেয়ারম্যান নেই, সেখানে ভাটিখাইন ইউনিয়নের মতো যোগ্য কাউকে দায়িত্ব দিলে সাধারণ জনগণ আরও বেশি উপকৃত হবে বলে মনে করেন বিএনপি নেতা নাজিম উদ্দীন।