
চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবদল নেতাসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলার শিকার দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে পটিয়া পৌরসভা যুবদলের নেতা এস এম রেজা রিপনকে। এতে এজাহারভুক্ত আসামি ৭ জন এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুন) সকালে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেস ক্লাবে বসে অন্যান্য সদস্যদের সঙ্গে বিভিন্ন সংবাদ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে যুবদলের কথিত নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল অবৈধভাবে প্রেস ক্লাবে প্রবেশ করে।
এ সময় তারা সাংবাদিক আবেদুজ্জামান আমিরীকে টেনেহিঁচড়ে ক্লাব থেকে বের করে আনে এবং প্রকাশ্য দিবালোকে মারধর করে।
হামলার শিকার সাংবাদিক আবেদুজ্জামান আমিরী জানান, গত ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরপর থেকেই যুবদল নেতা রিপন ও তার সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন।
ওই সংবাদ প্রকাশের জেরে পরিকল্পিতভাবে প্রেস ক্লাবে ঢুকে তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগটি তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এরপরই মামলাটি রেকর্ড করা হয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।