সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ওয়াসিমের কবর জিয়ারত, পরিবারকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ জুন ২০২৬ | ৭:১৯ অপরাহ্ন


চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

শনিবার দিনব্যাপী কক্সবাজার সফরের অংশ হিসেবে দুপুর ২টায় পেকুয়া উপজেলা সদরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান।

এ সময় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদসহ অন্যান্য সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান শহীদ ওয়াসিম আকরামের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলমসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অসামান্য অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যরা এ সময় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ওয়াসিমের স্মৃতি সংরক্ষণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তারা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার দিনব্যাপী কক্সবাজার সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সফরের অংশ হিসেবে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন উদ্বোধন, পথসভায় অংশগ্রহণ, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের পাশাপাশি তিনি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।