
চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার এলাকায় চাঁদের গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পারভিন আকতার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার নানুপুর বাজারের উত্তর পাশে গহিরা-হেয়াঁকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভিন আকতার উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, পারভিন আকতারের দুই ভাই প্রবাস থেকে দেশে ছুটিতে এসেছেন। তাদের সঙ্গে দেখা করতে তিনি নানুপুর চারালিয়া হাট এলাকায় বাবার বাড়িতে যান। সেখান থেকে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর নানুপুর বাজারের উত্তর পাশে পৌঁছালে চাঁদের গাড়ি ও অটোরিকশার এই মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।