
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপপ্রচার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার। এ ছাড়া আইনশৃঙ্খলা কমিটির সদস্য শওকত আলী নুর, ইউসুফ চৌধুরী, হেলাল শাহ এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, গ্রাম পুলিশের কার্যক্রম আরও কার্যকর করা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থানের কথা তুলে ধরা হয়।
এ সময় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং স্থানীয় সচেতন মহলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা মাসুদ চৌধুরীর স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।