
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা-সংক্রান্ত রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ভোটের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সারোয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন আপিল করেন। সেই আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন সারোয়ার আলমগীর। তবে আদালতের আদেশের কারণে তার নির্বাচনী ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করলে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে তাকে নির্বাচনে অংশগ্রহণ এবং ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।
পরে ঋণখেলাপির অভিযোগ তুলে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াত প্রার্থী নুরুল আমিন। তার আবেদন গ্রহণ করে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না।
এরপর ৩১ মার্চ আপিল দায়ের করা হয়। ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠান। পরে ৯ জুন শুনানির জন্য দিন ধার্য করা হয়।
মঙ্গলবার শুনানিতে নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুনানি শেষে আহসানুল করিম সাংবাদিকদের বলেন, হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের ক্ষেত্রে ভোটের ফলাফল প্রকাশ স্থগিত রাখার আগের আদেশ বহাল থাকবে। ফলে আপাতত তার ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত থাকছে।