সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মহররমের চাঁদ দেখা গেছে, আশুরা ২৬ জুন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ জুন ২০২৬ | ৮:২৮ অপরাহ্ন


বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে হিজরি নববর্ষ ১৪৪৮।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে।

সে অনুযায়ী বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ২৬ জুন, শুক্রবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

এবার ২৯ দিনে শেষ হয়েছে জিলহজ মাস। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম।

পবিত্র আশুরা উপলক্ষে দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি পালন করা হয়। ইসলামের ইতিহাসে দিনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হিসেবে বিবেচিত হলেও কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতের ঘটনা মুসলিম বিশ্বে বিশেষভাবে স্মরণ করা হয়।

হাদিসে আশুরার দিন এবং এর আগে বা পরে একদিন রোজা রাখার ফজিলতের কথাও উল্লেখ রয়েছে।