সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ দেখা যাবে চট্টগ্রাম স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ জুন ২০২৬ | ৮:৩৪ অপরাহ্ন


চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বুধবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচটি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার করা হবে।

একই দিন দুপুর ২টায় ওই স্টেডিয়ামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপ ফুটবল চলাকালে ক্রিকেট সিরিজের কারণে স্টেডিয়ামের মাঠকর্মী ও অন্যান্য কর্মীরা দায়িত্ব পালনের পাশাপাশি প্রিয় দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। এ কারণে তারা স্টেডিয়ামের ভেতরে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানোর অনুরোধ জানান।

বিসিবি সূত্র জানায়, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে স্টেডিয়াম কর্তৃপক্ষ জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর অনুমতি দিয়েছে।

একজন মাঠকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাংলাদেশের ম্যাচ থাকায় বাইরে গিয়ে খেলা দেখা সম্ভব হতো না। এখন সবাই মিলে স্টেডিয়ামেই আর্জেন্টিনার ম্যাচ দেখতে পারব।”

তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখার সুযোগ কেবল স্টেডিয়ামে দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য। বাইরের দর্শকদের প্রবেশের অনুমতি থাকবে না।

এদিকে মঙ্গলবার সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে আর্জেন্টিনার জার্সি পরা দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।