সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় ৫ বছরের শিশু নিখোঁজ, মুক্তিপণের চিরকুটে নতুন রহস্য

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ জুন ২০২৬ | ৬:২৫ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এরই মধ্যে নিখোঁজের কিছু সময় পর পরিবারের বসতঘর থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির একটি হাতের লেখা চিরকুট উদ্ধারের ঘটনায় নতুন রহস্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ শিশুর নাম মোহাম্মদ জায়ান (৫)। সে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার গ্যারেজ ব্যবসায়ী মো. শাহজাহানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশ থেকে জায়ান নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাতে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শিশুটির বাবা মো. শাহজাহান জানান, ছেলে নিখোঁজ হওয়ার প্রায় আধা ঘণ্টা পর তাদের বসতঘরে একটি হাতের লেখা চিরকুট পাওয়া যায়। সেখানে ৩ লাখ টাকা দাবি করা হয়েছে। চিরকুটে টাকা না দিলে শিশুটির মরদেহ ফেরত দেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে।

তিনি বলেন, “আমার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। আমি একটি গ্যারেজ পরিচালনা করি। কী কারণে আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে, তা বুঝতে পারছি না। আমি শুধু আমার সন্তানকে জীবিত ফিরে পেতে চাই।”

পরিবারের দাবি, চিরকুটের ভাষা ও সময়কাল বিবেচনায় তারা শিশুটিকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “শিশু নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।”

তিনি বলেন, শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য সম্ভাব্য সব তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। পরিবারের সদস্যরা সন্তানকে দ্রুত উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।