সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদা ইয়াসমিন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৭ জুন ২০২৬ | ৯:৪৮ অপরাহ্ন


অপরাধ দমন, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সূত্রে জানা যায়, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার প্রথম নারী ওসি হিসেবে ফরিদা ইয়াসমিন অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন।

এ ছাড়া ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার, বিশেষ করে হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”

অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিরসরাই থানার দায়িত্ব পালনের সময় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্যের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা পেয়েছেন ওসি ফরিদা ইয়াসমিন।