
দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে আয়োজিত আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পটিয়ার আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়।
বুধবার (১৭ জুন) সকালে পটিয়া পৌরসদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল পর্বে শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক কারণ ও প্রতিরোধ নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এবারের বিতর্কের বিষয় ছিল— ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।’
প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা জান্নাতুল মাওয়া আরিশা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে এবং আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এর বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে।
তিনি বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। পরিবার ও বিদ্যালয় থেকেই দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে উঠলে ভবিষ্যতে একটি বৈষম্যহীন, সুশাসনভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হবে।”
পরে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।