সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় পঙ্কজ হত্যা: টেকনাফ থেকে প্রধান আসামি ও চন্দনাইশ থেকে নারী গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ জুন ২০২৬ | ১২:৫৬ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় পঙ্কজ শীল (২৬) হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ঘটনার দিন উপস্থিত থাকা বোরকা পরা এক নারীও রয়েছেন।

বুধবার রাতে পটিয়া থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রধান আসামি আবদুর রহমানকে (২৩) গ্রেপ্তার করে। আবদুর রহমান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে।

পরে আবদুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ পূর্ব এলাহাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে ফাতেমা বেগম (১৯) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার জামাল উদ্দীনের মেয়ে।

গত ৯ জুন রাত ৯টার দিকে কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন শীলের ছেলে পঙ্কজ শীল নিহত হন। এ ঘটনায় মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে তিলক চক্রবর্তী (৩০) গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তিনি এখনো চিকিৎসাধীন।

হত্যাকাণ্ডের এই ঘটনায় পঙ্কজের মা ঝিনু শীল বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয় এবং সন্দেহভাজন দুজনকে নজরদারিতে রাখা হয়েছিল। অবশেষে ঘটনার নয় দিন পর প্রধান অভিযুক্ত ও ওই নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পঙ্কজ শীল হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।