
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহের পর ক্ষতি হ্রাস, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মহব্বত আলী, সমাজসেবা কর্মকর্তা আবদুর রাশেদ এবং সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক।
এ ছাড়া সিনিয়র উপসহকারী কৃষি কর্মকর্তা উথোইপ্রু মারমা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমির হোসেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।