সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ জুন ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানির ট্যাংক বসানোর কাজ করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে নুরুল বশর বাহাদুর (৫৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল বশর বাহাদুর উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দ বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা সৈয়দ আহমদ হোসেনের ছেলে এবং তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ইলেকট্রিশিয়ান নুরুল বশর প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে আবদুল করিমের বাড়িতে যান। সেখানে ভবনের ছাদে পানির ট্যাংক স্থাপনের কাজ চলছিল। একপর্যায়ে হঠাৎ ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়নাল আবেদীন জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাঁকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে লালানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর মোহাম্মদ হানিফ জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে ওই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারই জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, এই ঘটনা সম্পর্কে থানায় কেউ কোনো তথ্য জানায়নি।