সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাকে মারধরের মামলায় ছেলে গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ জুন ২০২৬ | ১১:৫৪ পূর্বাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় মাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সেলিম উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দাঁতমারা এলাকা থেকে সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৯ জুন) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সেলিম উদ্দিন দাঁতমারা ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, সেলিম উদ্দিনের মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি জানান, মাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলাতেই সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।