
চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমির চারপাশে টানানো জালে আটকা পড়া প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।
শনিবার দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকসংলগ্ন জঙ্গলে সেটিকে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা কৃষিজমির পাশে টানানো জালে অজগরটি আটকা থাকতে দেখে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যদের খবর দেন।
দলের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি।
তিনি জানান, উদ্ধার শেষে সাপটিকে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেক এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
বড়তাকিয়া বিট কর্মকর্তা অরুন রায় বলেন, উদ্ধারকারী দলের কাছ থেকে বিষয়টি তিনি জেনেছেন। বর্ষা মৌসুমে খাবারের সন্ধানে বনাঞ্চল ছেড়ে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসতে পারে বলে তিনি ধারণা করছেন।