সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ জুন ২০২৬ | ১০:২৮ অপরাহ্ন


চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে কোতোয়ালি থানার আওতাধীন নিউমার্কেট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক কালো রঙের একটি ব্যানার নিয়ে সড়কে মিছিল করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পুলিশ জানায়, মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, “নিউমার্কেট এলাকায় মিছিলের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় একই ধরনের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।