সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কালুরঘাটে গুলির ঘটনায় তিন দিনেও মামলা হয়নি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ জুন ২০২৬ | ৬:৫১ অপরাহ্ন


চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে গুলির ঘটনার তিন দিন পার হলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

পুলিশ বলছে, ক্ষতিগ্রস্ত পক্ষের লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা রেকর্ড করা সম্ভব হয়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে, তবে তারা এখনো লিখিত আবেদন করেনি।

গত শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার একটি পোশাক কারখানার সামনে কয়েকজন যুবক অবস্থান নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে তাদের একজনকে অস্ত্র সদৃশ বস্তু হাতে গুলি ছুড়তে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলটিতে একাধিক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এ কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে পোশাক কারখানার সামনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সোমবার (২২ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রকাশ্যে অস্ত্রধারীদের এমন দৌরাত্ম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।