সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ জুন ২০২৬ | ৭:০৮ অপরাহ্ন


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩)। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকায়।

র‍্যাব জানায়, শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নবী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, সীতাকুণ্ড থানায় দায়ের করা র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী ওই এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আইয়ুব আলীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় এক র‍্যাব সদস্য নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত চলছে।