সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দুই বছর ধরে ভোগান্তি, কবে শেষ হবে বমুবিলছড়ির সড়ককাজ?

এম. জিয়াবুল হক | প্রকাশিতঃ ২২ জুন ২০২৬ | ৯:৩৬ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার সড়কের উন্নয়নকাজ ধীরগতিতে চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কাজ চললেও অগ্রগতি সন্তোষজনক নয়। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বিভিন্ন অংশ খনন করে রাখা হয়েছে। কোথাও নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে, আবার কোথাও কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ফলে সড়ক দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং জরুরি কাজে যাতায়াতকারীরা বেশি সমস্যায় পড়ছেন।

এলাকাবাসীর অভিযোগ, সীমিত জনবল নিয়ে কাজ পরিচালনা করায় প্রকল্পের গতি কমে গেছে। প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক ও কারিগরি জনবল নিয়োগ করা হলে কাজ দ্রুত শেষ করা সম্ভব বলে তাদের মত।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার কারণে সড়কের বিভিন্ন অংশ কাদাময় হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক ক্ষেত্রে রোগী পরিবহন ও জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রুবেল উদ্দিন বলেন, “গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার চেষ্টা করছি। দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতলব বলেন, “সড়কটির কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষ করা প্রয়োজন।”

চকরিয়া উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম বলেন, “প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। ঠিকাদারকে জনবল বাড়িয়ে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, শিগগিরই কাজের গতি বাড়বে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক উন্নয়নকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।