
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত চারা বিতরণ, কৃষি প্রণোদনা, হুইলচেয়ার এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সরকার কথার চেয়ে কাজে বিশ্বাস করে। বিভিন্ন সামাজিক নিরাপত্তা, কৃষি ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।
সরকার ঘোষিত পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে চারা বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি বিভাগের আমন মৌসুমের প্রণোদনা, হালদা নদীর নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।