সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

জেএসএসকে দায়ী করলেন সজীব চাকমা
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ জুন ২০২৬ | ৫:৫৮ অপরাহ্ন


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম মুড়োপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) এক কর্মী নিহত হয়েছেন।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া চৌমুহনী রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত ওই কর্মীর নাম সুজন চাকমা (৪৮)। তিনি উপজেলার কবাখালি ইউনিয়নের তারাবুনিয়া এলাকার বিন্দু মহন চাকমার ছেলে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) দীঘিনালা সংগঠক সজীব চাকমা এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করেছেন। সজীব চাকমা দাবি করেন, ঘটনার সময় সুজন চাকমা একটি দোকানে বসে সাংগঠনিক আলোচনা করছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজনের একটি সশস্ত্র দল সেখানে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সুজন চাকমার মৃত্যু হয়।

তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় জেএসএস (সন্তু) পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সুজন চাকমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।