
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদৈত রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম।
‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশ্বব্যাংক ও ইফাদের (আইএফএডি) সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির সুফল সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দিন শাহিন এবং ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন।
অনুষ্ঠান শেষে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ও নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরসহ অন্যান্য অতিথিরা প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণি, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।