
কায়িক শ্রম ও খেলাধুলা মন ও মননের সৃজনশীল শক্তি বৃদ্ধি করে উল্লেখ করে সাংবাদিকদের কল্যাণমূলক কাজে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কিউএনএস গ্লোবাল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী বলেন, শরীর এবং মনের সুস্থতার জন্য কায়িক শ্রমের বিকল্প নেই, যার একটি বড় মাধ্যম খেলাধুলা। ক্রীড়ানুশীলনের মাধ্যমে কায়িক শ্রমের পাশাপাশি মন ও মননের সৃজনশীল শক্তি বৃদ্ধি পায়। খেলাধুলা আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, এখানে জয়-পরাজয়ের হিসাবটা মুখ্য বিষয় নয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত উল্লেখ করে সাংবাদিকদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নওয়াজ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান।
ক্রীড়া উপকমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পি।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরীকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।