সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজকে সরকারি করার দাবি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ জুন ২০২৬ | ৯:২৬ অপরাহ্ন


দক্ষিণ চট্টগ্রামের একমাত্র মহিলা শিক্ষাপ্রতিষ্ঠান বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজকে সরকারি করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত এ কলেজটি দীর্ঘদিন ধরে ভালো ফলাফল অর্জন করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখনো এমপিওভুক্তি ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

রোববার (২৮ জুন) বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী এসব কথা জানান।

মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রামে নারী শিক্ষা পিছিয়ে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তিন একর জমির ওপর বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। নারী শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ প্রতিষ্ঠানকে সরকারি করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান মাহমুদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।

ড. মোহাম্মদ জাকারিয়া জানান, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি জানান, কলেজটির উন্নয়ন, এমপিওভুক্তি ও সরকারি স্বীকৃতির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

খান বাহাদুর ফাউন্ডেশন পরিচালিত বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সিনিয়র সহকারী সচিব শরিফ আহমেদ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক।

অনুষ্ঠানে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন চৌধুরী স্বাগত বক্তব্য দেন।

ইংরেজি বিভাগের অধ্যাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাসুদ সিরাজুল কাদের, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এস. এম. কিবরিয়া, বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, কাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাছির উদ্দিন এবং বিএনপি নেতা মো. ফজলুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।