
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াঁকো বনানী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে পূর্বের একটি হামলার বিচার চাইতে গিয়ে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দের সামনে হামলার শিকার হয়েছেন মানিক নামের এক প্রবাসী বিএনপিকর্মী।
রোববার (২৮ জুন) বিকেলে কলেজ মাঠে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ আরও কয়েকজন হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগের তীর স্থানীয় বিএনপি নেতা নাসিরউদ্দিন বিপ্লব ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন নাসিরউদ্দিন বিপ্লব। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পূর্বে নিজের বাড়িতে হামলা ও মারধরের ঘটনার বিচার চেয়ে অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য সরওয়ার আলমগীরের কাছে অভিযোগ জানাতে ছুটে যান বিএনপিকর্মী মানিক। এ সময় ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে নাসিরউদ্দিন বিপ্লবের সঙ্গে বিএনপিকর্মী মানিকের কথা-কাটাকাটির একপর্যায়ে নাসিরউদ্দিন বিপ্লব ও তাঁর অনুসারীরা মানিক এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে মানিকসহ তাঁর পরিবারের কয়েকজন আহত হন।
ভুক্তভোগী প্রবাসী বিএনপিকর্মী মানিক অভিযোগ করে জানান, নাসিরউদ্দিন বিপ্লব তাঁর বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছেন। এ ঘটনার প্রতিবাদে তিনি মানববন্ধন করেছেন এবং এ বিষয়ে মামলা চলমান রয়েছে। আজ বিকেলে সংসদ সদস্য সরওয়ার আলমগীরের কাছে বিচার চাইতে গেলে তাঁর সামনেই, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নাসিরউদ্দিন বিপ্লব তাঁকে মারধর করেন। এ সময় নাসিরউদ্দিন বিপ্লব তাঁকে গুলি করে হত্যার হুমকিও দেন বলে বিএনপিকর্মী মানিক জানান।
স্থানীয়দের অভিযোগ, নাসিরউদ্দিন বিপ্লবের এটি নতুন কোনো ঘটনা নয়। সরকার পরিবর্তনের পর তিনি এলাকায় রাজনীতিকে ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করে বারবার এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করে নাসিরউদ্দিন বিপ্লব স্থানীয় বাসিন্দাদের চরম উৎকণ্ঠায় রেখেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নাসিরউদ্দিন বিপ্লব। তিনি জানান, এমন কোনো ঘটনা ঘটেনি। এর পরপরই তিনি মুঠোফোনের লাইন কেটে দেন। পরে আবার মুঠোফোন রিসিভ করে নাসিরউদ্দিন বিপ্লব জানান, তিনি নন্দীর স্কুলের পাশে আছেন, সেখানে যেন যাওয়া হয়। এরপর থেকে তিনি আর ফোন রিসিভ করেননি। বার্তা পাঠালেও নাসিরউদ্দিন বিপ্লব কোনো উত্তর দেননি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানান, সংসদ সদস্য সরওয়ার আলমগীর ও পুলিশের সামনে নাসিরউদ্দিন বিপ্লব ও মানিক নামের দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হলে পুলিশ বিরোধ মিটমাট করে দেয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে আরও জানান, ক্ষতিগ্রস্ত পক্ষের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।