সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের ‘আর্জেন্টিনা-ব্রাজিল’ প্রীতি ফুটবল মঙ্গলবার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৯ জুন ২০২৬ | ৬:১৮ অপরাহ্ন


চট্টগ্রামের টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) উদ্যোগে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের গণমাধ্যমকর্মীরা দুই দলে বিভক্ত হয়ে অংশ নেবেন।

এর আগে সোমবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে দুই দলের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।

আর্জেন্টিনা দলের অধিনায়ক আবু জাহেদ এবং ব্রাজিল দলের অধিনায়ক সাখাওয়াত হোসেন টিপু নিজ নিজ দলের জার্সি ও ট্রফি উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন, সহ-সভাপতি সানজীব দে, যুগ্ম সম্পাদক বাসু দে, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ ও নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু।

এছাড়া সংগঠনের সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানিয়েছে, পেশাগত ব্যস্ততার বাইরে গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।