
পুরো মুনাফাসহ আমানত ফেরত এবং ‘হেয়ার কাট’ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছেন একীভূত হওয়া পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংকের গ্রাহকরা।
সোমবার সকালে ‘সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে নগরের নিউ মার্কেট মোড় থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে বিক্ষোভের পর আমানতকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে দায়িত্বরত পরিচালকের কার্যালয়ে গিয়ে তাদের দাবি তুলে ধরেন এবং গভর্নরের বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে গ্রাহকদের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ (টাকা কর্তন) অনতিবিলম্বে প্রত্যাহার, ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং ব্যাংকে রক্ষিত গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংকটে থাকা বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গত বছর রাষ্ট্রায়ত্ত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়।
এরপর গত দুই অর্থবছরের আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ‘হেয়ার কাট’ পদ্ধতিতে তা বাতিল করা হয়। পরে আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি দেওয়া শেষে আমানতকারীরা মিছিল নিয়ে পুনরায় নিউ মার্কেট মোড়ে যান এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম ও অর্থ সম্পাদক আলাউদ্দিন।
এর আগে গত ৩ ও ৪ মে খাতুনগঞ্জ ও আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোর কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছিলেন এই আমানতকারীরা।