
চট্টগ্রাম থেকে পাথর নিয়ে ঢাকা যাওয়ার পথে কর্ণফুলী নদীতে ‘এমভি বে হারবার ২’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে ওই জাহাজে থাকা ১২ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে নিখোঁজ নাবিকদের উদ্ধার করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসার নাসির উদ্দিন জানান, জাহাজটি পাথর নিয়ে ঢাকায় যাওয়ার পথে হঠাৎ দুর্ঘটনায় পড়ে।
এদিকে, জাহাজডুবির এই ঘটনার পরও কর্ণফুলী চ্যানেলে অন্যান্য জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।