
চট্টগ্রামের পটিয়ায় শিশু জায়হান হত্যা মামলার প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এ জবানবন্দি দেন।
জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ২৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে আদালত প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহার তিন দিনের এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা সাইফুল ইসলাম ও মা শাহনুর আক্তারের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সোমবার শেষ হওয়া তিন দিনের রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদে শিশু জায়হান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন নিহা।
তিনি বলেন, রিমান্ডের তথ্য ও আদালতে দেওয়া স্বীকারোক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও কারণ উদঘাটিত হয়েছে। মামলাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
মামলার বিবরণ ও পরিবারের বরাতে জানা যায়, গত ১৬ জুন পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় নিখোঁজ হয় শিশু জায়হান। পরে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরদিন নিহা এবং তার বাবা-মাকে আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন জায়হানের বাবা সাইফুল ইসলাম।