
চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার ছনহরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের ছবি ভাঙচুর করে।
এছাড়া কার্যালয়ের প্লাস্টিকের চেয়ার ও টেবিল ভাঙচুর করার পাশাপাশি একটি স্ট্যান্ড ফ্যান, কয়েকটি চেয়ার এবং বেশ কিছু মূল্যবান কাগজপত্র দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমও বিএনপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করার খবর পেয়েছেন বলে জানান এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “বিএনপি অফিসে তালা ভেঙে দুর্বৃত্তদের ঢোকার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে কোনো ছবি ভাঙচুরের আলামত পাওয়া যায়নি।”
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।