সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ জুলাই ২০২৬ | ১০:১৭ অপরাহ্ন


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় যুবলীগ নেতা ফজলুল হক ফজলুর বিরুদ্ধে জমি দখল ও অবৈধ সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার বায়েজিদ থানা সংলগ্ন আনন্দবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শান্তিনগর, মোহাম্মদনগর ও পাহাড়িকা আবাসিক এলাকার নারী-পুরুষ অংশ নেন।

এতে পাঁচলাইশ থানা যুবদলের সদস্য জুনায়েদ হোসেন রানা, মোহাম্মদ আলতাফ, বেলাল হোসেন হামজা এবং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদ বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, বায়েজিদ থানা বাস্তুহারা লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ফজলুল হক ফজলু এবং তার সহযোগীরা জোরপূর্বক জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করছেন।

তাদের কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে হয়রানি ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

এ সময় ফজলুল হক ফজলু ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পাশাপাশি দখলচেষ্টা বন্ধ করে ক্ষতিগ্রস্তদের জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।