
সব সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে জনগণের দুর্ভোগ কমাতে নবনিযুক্ত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে নগরগুলোকে নান্দনিক, সবুজ, টেকসই ও বাসযোগ্য করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।
রোববার বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিজ নিজ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নালা-নর্দমা পরিষ্কার রাখার জন্য নাগরিকদেরও সচেতন করতে হবে।
তিনি সব চেয়ারম্যানকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।
বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন উপস্থিত থেকে তার সংস্থার বর্তমান কর্মকাণ্ড তুলে ধরেন।
মূল শহরের ওপর চাপ কমাতে তিনি মাস্টার প্ল্যান অনুযায়ী স্যাটেলাইট সিটির আদলে চট্টগ্রামের হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় উপশহর গড়ে তোলার প্রস্তাব দেন।
এছাড়া, নিজের জন্মস্থান সন্দ্বীপের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে একটি আধুনিক ‘সি-ট্রাক’ এবং দুই পাড়ের ফেরিঘাটে ওঠানামার টেকসই সুব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান সিডিএ চেয়ারম্যান।
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, সন্দ্বীপ সিডিএর আওতাভুক্ত না হলেও জন্মস্থান হিসেবে সেখানকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ নিরসনে তার দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী একটি আধুনিক সি-ট্রাক ও ফেরিঘাট উন্নয়নের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, শনিবার সকাল থেকে টানা বৃষ্টির পর রোববার রাতভর বন্দরনগরী চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হয়। রোববার ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ একাধিক সরকারি কাজে অবস্থান করলেও সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম জোর তদারকি করেন।
তিনি মুঠোফোনে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দিন এবং সেনাবাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন।
এ সময় তিনি নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং জলমগ্ন হওয়ার আশঙ্কায় থাকা নিচু এলাকাগুলো পরিদর্শনের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং কোথাও জলাবদ্ধতা তৈরি হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন।
সিডিএ সূত্র জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছেন। তার এই নিয়মিত তদারকির ফলে প্রকল্পগুলোর কাজের গতি আগের চেয়ে অনেক বেড়েছে।