সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নিজের লেখা ফেসবুক স্ট্যাটাসই যেন নির্মম নিয়তি হলো

মোহাম্মদ বেলাল উদ্দিন | প্রকাশিতঃ ৬ জুলাই ২০২৬ | ২:০৯ অপরাহ্ন


“মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই, যেকোনো সময় হতে পারে..!” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথাগুলো লিখেছিলেন তরুণ ব্যবসায়ী মো. জুয়েল রানা। কে জানত, তার এই অমোঘ বাণীটি এত দ্রুত তার নিজের জীবনেই চরম সত্য হয়ে ধরা দেবে! ভাগ্যের নির্মম পরিহাসে সত্যি সত্যিই যেকোনো সময়ের সেই আকস্মিক মৃত্যু এসে কেড়ে নিল এই তাজা প্রাণটিকে। বাঁশখালীতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিরতরে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

সোমবার, ৬ জুলাই সকাল ১১টা ৪০ মিনিট। প্রতিদিনের মতোই বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে নিজের কাপড়ের দোকানে যাচ্ছিলেন শামসুল হকের আদরের সন্তান মো. জুয়েল রানা। কিন্তু চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছাতেই ঘটে এক ট্র্যাজেডি। চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা অপর একটি সিএনজিকে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। চোখের পলকেই তরতাজা একটি স্বপ্ন পিষ্ট হয়ে যায় সড়কের বুকে।

এই সংঘর্ষে সিএনজির যাত্রী মো. জুয়েল রানা মারাত্মকভাবে জখম হন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার সাথে থাকা অপর যাত্রী আব্দুস সোবহানের ছেলে রেজাউল করিমও দুর্ঘটনায় গুরুতর আহত হন। চারপাশের রক্ত আর আর্তনাদের মাঝে স্থানীয় মানুষজন দ্রুত তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ছুটে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই কান্নার রোলে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। অন্যদিকে, গুরুতর আহত রেজাউল করিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা মো. জুয়েল রানার এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, স্তব্ধ হয়ে গেছেন তার স্বজনরা। সেই সাথে চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা রেজাউল করিমের পরিবারেও চলছে চাপা উৎকণ্ঠা।

দুর্ঘটনার পরপরই ঘাতক সিএনজিটিকে স্থানীয় ক্ষুব্ধ জনতা আটকে ফেলে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই মর্মান্তিক ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।