
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ের মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে গাছের চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
প্রাথমিক ধাপে উপজেলার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, জৈব সার এবং গাছের খুঁটি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেন।
এ সময় সমাজসেবা, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ধাপে আরও বেশ কিছু কৃষককে সাত ধরনের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, রাসায়নিক ও জৈব সার এবং লেবুর চারা দেওয়া হবে।
কৃষিকে সমৃদ্ধ ও পরিবেশবান্ধব করতে সরকার নানামুখী প্রণোদনা কার্যক্রম হাতে নিয়েছে বলে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া।
তিনি কৃষকদের সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বেশি করে গাছ লাগিয়ে যত্নসহকারে তা সংরক্ষণের আহ্বান জানান।
ইউএনও আরও বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে সবার আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।