সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে: এমপি নুরুল আমিন

মিরসরাইয়ে বড়তাকিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ জুলাই ২০২৬ | ৯:১৭ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগ ও এতিমখানার নির্মাণাধীন ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা জহুরুল হক ও এম এম আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এই অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব। এবারের বাজেটে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি সবার কাছে তার জন্য দোয়া চান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, মাওলানা নিজাম উদ্দিন ছাদেকী ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী।

এ ছাড়া বক্তব্য দেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন উর রশিদ ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন, শিক্ষক একরামুল হক, হাফেজ খায়রুজ্জামান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডা. শহিদুল আলম এবং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় রাজনীতিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।