
মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনা ও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে বাংলাদেশ দরগাহ-মাজার জাতীয় সমন্বয় কমিটি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শক্ত অবস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সব বাহিনীর প্রধানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা মুহাম্মদ মহীউদ্দীন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের ফলে সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এই সংঘাতের জেরে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় অনুপ্রবেশ ঠেকাতে জরুরি কূটনৈতিক তৎপরতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শক্তিশালী অবস্থান নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার, সব রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।
বিবৃতিতে বাংলাদেশ দরগাহ-মাজার জাতীয় সমন্বয় কমিটির কেন্দ্রীয় পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী, মহাসচিব আলহাজ্ব শাহ মোহাম্মদ জাকির হোসেন সোবহানীসহ নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতারা একাত্মতা প্রকাশ করেছেন।