
টানা ভারী বর্ষণ ও মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র এবং লংগদু উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, দীঘিনালা উপজেলার মেরুং-কবাখালী সড়কের একাধিক স্থানে কোমরসমান পানি প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতের কারণে ছোট-বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন অপেক্ষা করছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ এবং পণ্যবাহী যানবাহনের চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, প্রথমদিকে ভ্যান ও ট্রাক্টরের মাধ্যমে মানুষ পারাপারের ব্যবস্থা থাকলেও পানির উচ্চতা ও স্রোত বেড়ে যাওয়ায় সেটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
নদীর পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পানি না কমা পর্যন্ত স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা চালুর সম্ভাবনা নেই। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং-কবাখালী সড়কের কয়েকটি স্থান প্লাবিত হয়েছে।
জননিরাপত্তার স্বার্থে ঝুঁকি নিয়ে কেউ যেন সড়ক পারাপারের চেষ্টা না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। পানি নেমে গেলে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।