
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছেলবন গ্রামের একটি বেহাল সড়কে কচু রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নুরানীয়া জামে মসজিদ নামের সড়কটিতে বড় গর্ত ও কাদাপানির সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকালে সড়কটিতে প্রতীকী কচু চারা রোপণ করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তালিকাভুক্ত এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। টানা বৃষ্টিতে এটি এখন কাদায় একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা হাছান মো. জুনাইদ রাসেল জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে অসংখ্য ছোট-বড় গর্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্না দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
স্থানীয় জামায়াত নেতা মাওলানা জামাল উদ্দিন জিহাদী জানান, ওই এলাকার মানুষ এখন একপ্রকার পানিবন্দি অবস্থায় আছেন। জরুরি প্রয়োজনে পেকুয়ায় যাওয়ার একটি সাঁকো ভেঙে যাওয়ায় মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনির জানান, বাঁশখালীর রাস্তাঘাটের খারাপ অবস্থার বিষয়ে তিনি অবগত। তবে দুঃখজনক হলেও সত্যি যে বর্তমানে তাদের কোনো প্রকল্প নেই।
তিনি আরও জানান, এলাকাবাসীর এই প্রতিবাদের ফলে বিষয়টি সবার নজরে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেলে ওই রাস্তার প্রাক্কলন প্রস্তুত করা হবে এবং নতুন প্রকল্প এলে রাস্তাটির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।