সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদ্রাসা চাপা পড়ে ৮ জনের মৃত্যু, আহত ২৭

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৮ জুলাই ২০২৬ | ৮:৪১ অপরাহ্ন


কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে সাত শিক্ষার্থী ও এক শিক্ষকসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।

বুধবার দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে একটি মাদ্রাসা ও হিফজ কেন্দ্রে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিশু শিক্ষার্থী এবং একজন শিক্ষক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে পাহাড়ের বিশাল একটি অংশ ধসে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই মাদ্রাসাটি মাটির নিচে চাপা পড়ে যায়। দুর্ঘটনার সময় সেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধ্বংসস্তূপ থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অন্তত ২৭ জনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

টানা বৃষ্টির কারণে নতুন করে পাহাড়ধসের আশঙ্কায় উখিয়া ও টেকনাফের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।