সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় ভারী বৃষ্টিতে পাহাড় ধস, মাটিচাপায় দুই শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ জুলাই ২০২৬ | ২:৫৩ অপরাহ্ন


প্রশাসনের সতর্কতা ও মাইকিং উপেক্ষা করে পাহাড়ের ঢালে বসবাসের জেরে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়াকাটা এলাকার ডবল তলীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

নিহতরা হলো স্থানীয় আবদুল মজিদের ছেলে ওয়াহিদুল ইসলাম তৌসিফ (১২) এবং মোহাম্মদ কাজলের মেয়ে রুমি আক্তার (১৫)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই-বোন।

এর মধ্যে ওয়াহিদুল ইসলাম তৌসিফ স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং রুমি আক্তার বরইতলী দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।

বরইতলী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দু শুক্কুর জানান, বৃহস্পতিবার ভোররাতে মছনিয়াকাটা গ্রামের ওই বাড়ির পেছনের পাহাড় ধসে পড়ে। এ সময় বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুই শিশু ও এক নারীসহ তিনজন মাটিচাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও মাটিচাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পাহাড় ধসের ঝুঁকি এড়াতে গত কয়েকদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল বলে জানিয়েছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।

মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে অনুরোধ করা হলেও মছনিয়াকাটা এলাকার পাহাড়ি জনপদের মানুষ সতর্কতা উপেক্ষা করে নিরাপদ স্থানে যাননি।

উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে নিহত দুই শিশুর মরদেহ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই ইউপি চেয়ারম্যান।

এদিকে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান শাহীন দেলোয়ার।