সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দীঘিনালার আশ্রয়কেন্দ্রে বিজিবির মানবিক তৎপরতা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ জুলাই ২০২৬ | ৬:৫৩ অপরাহ্ন


দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়িত্ব ও মানবিক অঙ্গীকারের অংশ বলে জানিয়েছেন বাবুছড়া ব্যাটালিয়নের (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ।

তার এই বক্তব্যের প্রতিফলন ঘটেছে খাগড়াছড়ির দীঘিনালায়। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বিজিবি।

সেখানে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজের উপস্থিতিতে শতাধিক বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আল আব্দুল্লাহ আল মামুন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

তিনি বন্যার কারণে দেখা দেওয়া পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ দেন এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন।

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে বেতছড়ি বাজার এলাকার বাসিন্দা নাজমা বেগম জানান, বাড়িতে বন্যার পানি ওঠায় পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তারা। বিজিবি খাবার ও চিকিৎসার ব্যবস্থা করায় তারা অনেক উপকৃত হয়েছেন।

আরেক বাসিন্দা মো. রমজান আলি জানান, বন্যার কারণে তারা চরম দুর্ভোগে আছেন। এই সময়ে বিজিবি পাশে দাঁড়ানোয় তাদের মানবিক সহায়তা দুর্গতদের অনেক স্বস্তি দিয়েছে।

বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ আরও বলেন, বন্যার্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সহযোগিতা চলমান থাকবে।