
টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার শত শত পরিবার যখন পানিবন্দি, তখন সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি আবুল বশর।
পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনায় তিনি বৃহস্পতিবার সকালে পৌরসভার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিজ উদ্যোগে বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে সিআইপি আবুল বশর জানান, টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পটিয়া পৌরসভার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
এই সংকটময় মুহূর্তে বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতেও পটিয়া পৌরবাসীর যেকোনো সংকটে পাশে থাকার চেষ্টা করবেন বলেও জানান সিআইপি আবুল বশর।
খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি তিনি বাহুলী এলাকার জটিল রোগে আক্রান্ত মো. মনজুকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেন।
একইসঙ্গে ওই এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে ভেলারো বাড়ির সামনের একটি নলকূপ মেরামতের জন্যও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এসব ত্রাণ ও সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক নুরুল আলম এবং পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ছোটন।
এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, ছাত্রদল নেতা মো. বাবু, জসিম উদ্দিন, জাকির হোসেন, কামাল উদ্দিন, আরজু এবং মো. ফারুক প্রমুখ।
টানা কয়েক দিনের বৃষ্টিতে পটিয়া পৌরসভার বিভিন্ন মার্কেট ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে শত শত পরিবার ও ব্যবসায়ী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।